Skip to content

কবর থেকে উত্তোলন করা হলো সেই গৃহবধূর লাশ

কালিয়াকৈর ব্যুরো ॥
গাজীপুর: কালিয়াকৈরে পুনরায় ময়নাতদন্তের জন্য কবর থেকে গৃহবধূ জুলেখার লাশ উত্তোলন করা হয়েছে।

আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে নিহতের প্রায় আড়াই মাস পর আজ রবিবার সকালে উপজেলার আশাপুর এলাকার কবরস্থান থেকে তার লাশ উত্তোলন করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতের পরিবার ও স্বজনরা জানায়, কালিয়াকৈরের আশাপুর এলাকার জসিম উদ্দিনের কন্যা জুলেখা আক্তার শিখার (২৫) সঙ্গে ১০ বছর আগে ঢাকার ধামরাই থানার যাদবপুর এলাকার আতাউর মাস্টারের পুত্র মেহেদী হাসানের বিয়ে হয়। গত ১১ সেপ্টম্বর শ্বশুরবাড়ি থেকে শিখার লাশ উদ্ধার করে পুলিশ। ওইদিন শিখার বাবা বাদী হয়ে মেহেদী ও তার বাবা আতাউরসহ কয়েকজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ ময়নাতদন্তের জন্য নিহতের লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে নিহতের লাশ আশাপুর-বেনুপুর কবরস্থানে দাফন করা হয়।

ময়নাতদন্তের রিপোর্ট পেয়ে নিহতের বাবা নারাজি দিয়ে ঢাকার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফের ময়নাতদন্তের জন্য একটি আবেদন করেন। আদালত ৯ নভেম্বর একটি আদেশ প্রদান করেন। ওই আদেশে গাজীপুরের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ১৫ কার্যদিবসের মধ্যে শিখার লাশ উত্তোলন করে ফের ময়নাতদন্তে প্রেরণের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তাকে নিদের্শ প্রদান করা হয়।

নির্দেশনা অনুযায়ী আজ সকালে উপজেলার আশাপুর গ্রামে পারিবারিক কবরস্থান থেকে লাশটি উত্তোলন করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিক্যাল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ময়নাতদন্তে জুলেখার পরিবার সন্তুষ্ট না, তাই পুনরায় ময়নাতদন্ত করার জন্য লাশটি উঠানো হয়েছে।

গাজীপুর বিজ্ঞ আদালত নির্বাহী ম্যাজিস্ট্রেটে মো. ইকবাল হোসেন বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে পুনরায় লাশটি ময়নাতদন্তের জন্য উত্তোলন করা হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫