Skip to content

টিভিতে প্রতারণামূলক বিজ্ঞাপন প্রচারের সুযোগ নেই

স্টাফ রিপোর্টার ॥
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, টেলিভিশনে প্রতারণামূলক কোনো বিজ্ঞাপন প্রচারের সুযোগ নেই। জাতীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) বিভিন্ন প্রকার রোগের গ্যারান্টিসহ চিকিত্সা এবং এই সংক্রান্ত প্রতারণামূলক কোনো বিজ্ঞাপন প্রচার করে না।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সাংসদ (জামালপুর-৫) মোজাফফর হোসেনের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে সকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।

হাছান মাহমুদ বলেন, বাংলাদেশ টেলিভিশন বিজ্ঞাপন প্রচারের ক্ষেত্রে ‘জাতীয় সম্প্রচার নীতিমালা-২০১৪’ অনুসরণ করে থাকে। এছাড়া বাংলাদেশ টেলিভিশন বিজ্ঞাপন প্রচারের ক্ষেত্রে তথ্য মন্ত্রণালয় থেকে বিভিন্ন সময় জারিকৃত নির্দেশনা অনুসরণ করে থাকে। জাতীয় সম্প্রচার নীতিমালা অনুযায়ী বাংলাদেশ টেলিভিশনে বিভিন্ন প্রকার রোগের গ্যারান্টিসহ চিকিৎসা ও এই সংক্রান্ত প্রতারণামূলক কোনো বিজ্ঞাপন প্রচারের সুযোগ নেই।

এ সময় মোজাফফর হোসেন জানতে চান, দেশের স্যাটেলাইট চ্যানেলগুলোতে বিভিন্ন হারবাল, ইউনানী ও হোমিও চিকিত্সায় এমন বিজ্ঞাপন প্রচার হচ্ছে, যেন এমন কোনো রোগ নেই যা তাদের ওষুধে ভাল হয় না! প্রতারণামূলক এসব বিজ্ঞাপনের প্রচার বন্ধ করাসহ বিজ্ঞাপন দাতাদের আইনে সোপর্দ করার কার্যকরী কোনো উদ্যোগ নেয়া হবে কি-না এবং উত্তর ‘না’ সূচক হলে তার কারণ কী?

জবাবে তথ্যমন্ত্রী আরও বলেন, ‘জাতীয় সম্প্রচার নীতিমালা-২০১৪’ এর অনুচ্ছেদ ৪.২.৬ তে বলা হয়েছে, ওষুধজাতীয় পণ্য, হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনোস্টিক সেন্টার, স্বাস্থ্যকেন্দ্র ইত্যাদির বিজ্ঞাপনের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ছাড়পত্র বিজ্ঞাপনদাতার কাছে আছে কি-না তা নিশ্চিত হতে হবে। অন্য টেলিভিশন চ্যানেলে এ ধরনের বিজ্ঞাপন প্রচারের ব্যাপারে কোনো অভিযোগ পাওয়া গেলে জাতীয় সম্প্রচার নীতিমালা-২০১৪ অনুযায়ী অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫