মনোহরদী থেকে সাইফুর নিশাদ :
একটি সমাজ তখনই সুন্দর হয়, যখন নেতৃত্বে থাকেন হৃদয়বান মানুষ। এমনই এক ব্যতিক্রমী মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন নরসিংদীর মনোহরদী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এ মুহাইমিন আল জিহান।
শনিবার রাতে মনোহরদী উপজেলার হাতিরদিয়া বাজারে একটি ব্যস্ত সড়কে জনসাধারণের চোখে পড়ে এক অজ্ঞাত, শারীরিক ও মানসিক প্রতিবন্ধী যুবক। অবহেলিত, নোংরা ও অসুস্থ অবস্থায় পড়ে থাকা সেই যুবকের দিকে কেউ সাহায্যের হাত বাড়াননি। অনেকে পাশ কাটিয়ে গিয়েছেন, কেউবা বিস্ময়ে তাকিয়ে থেকেছেন। সংবাদ পেয়ে মনোহরদী উপজেলার ইউএনও যান যুবকটি’র খোঁজে। ঘটনাস্থলে পৌঁছে নিজ হাতে যুবকটিকে রাস্তা থেকে উদ্ধার করেন ইউএনও। পরে নিজ উদ্যোগে তাঁকে পরিষ্কার-পরিচ্ছন্ন করেন এবং স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যান স্থানীয় হাসপাতালে। ওই যুবকের চিকিৎসার যাবতীয় খরচও বহন করেন তিনি।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা অনুভূতি প্রকাশ করে জানান, ‘এমন মানবিক কর্মকান্ড সমাজকে সুন্দর করে তোলে। সমাজের অসুন্দর দূর করে। ইউএনও’র এমন উদ্যোগে একটি আশ্রয়হীন জীবন পেলো ঠিকানা। একজন সরকারি কর্মকর্তা হয়েও মানবিক দায়িত্বে যে কতটা আন্তরিকভাবে কাজ করা যায়, তার উজ্জ্বল উদাহরণ হয়ে রইল এই ঘটনা’।
ইউএনও বলেন,”মানুষ হিসেবে আমাদের প্রথম পরিচয় মানবতা। এই যুবকের কোনো নাম-পরিচয় না থাকলেও, সে আমাদের সমাজেরই একজন। তাকে রাস্তায় ফেলে রাখা মানে আমাদের বিবেককেই রাস্তায় ফেলে রাখা। ধারণা করছি তাকে কেউ হয়তো রাস্তায় ফেলে রেখে চলে গেছে।
বর্তমানে ওই যুবকের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে এবং স্থানীয় প্রশাসন ও মনোহরদীর সমাজসেবা অফিসের তত্ত্বাবধানে তাকে এম্বুলেন্স যোগে ময়মনসিংহের ধলা ত্রিশালে অবস্থিত সরকারি আশ্রয় কেন্দ্রে পাঠানো হয়েছে।
